|
(১)
|
| গোপীনাথ মম নিবেদন শুন । |
| বিষয়ী দুর্জ্জন | সদা কামরত |
| কিছু নাহি মোর গুণ ॥ |
| |
| গোপীনাথ, আমার ভরসা তুমি । |
| তোমার চরণে | লইনু শরণ |
| তোমার কিঙ্কর আমি ॥ |
| |
| গোপীনাথ, কেমনে শোধিবে মোরে । |
| না জানি ভকতি | কর্ম্মে জড়মতি |
| পড়েছি সংসার ঘোরে ॥ |
| |
| গোপীনাথ, সকল তোমার মায়া । |
| নাহি মম বল | জ্ঞান সুনির্ম্মল |
| স্বাধীন নহে এ কায়া ॥ |
| |
| গোপীনাথ, নিয়ত চরণে স্থান । |
| মাগে এ পামর | কাঁদিয়া কাঁদিয়া |
| করহে করুণা দান ॥ |
| |
| গোপীনাথ, তুমি ত সকলি পার । |
| দুর্জ্জনে তারিতে | তোমার শকতি |
| কে আছে পাপীর আর ॥ |
| |
| গোপীনাথ, তুমি কৃপাপারাবার । |
| জীবের কারণে | আসিয়া প্রপঞ্চে |
| লীলা কৈলে সুবিস্তার ॥ |
| |
| গোপীনাথ, আমি কি দোষের দোষী । |
| অসুর সকল | পাইল চরণ |
| বিনোদ থাকিল বসি ॥ |
| |
|
(২)
|
| গোপীনাথ, ঘুচাও সংসার জ্বালা । |
| অবিদ্যা যাতনা | আর নাহি সহে |
| জনম মরণ-মালা ॥ |
| |
| গোপীনাথ, আমি ত কামের দাস । |
| বিষয়-বাসনা | জাগিছে হৃদয়ে |
| ফাঁদিছে করম ফাঁস ॥ |
| |
| গোপীনাথ, কবে বা জাগিব আমি । |
| কামরূপ অরি | দূরে তেয়াগিব |
| হৃদয়ে স্ফুরিবে তুমি ॥ |
| |
| গোপীনাথ, আমি ত' তোমার জন । |
| তোমারে ছাড়িয়া | সংসার ভজিনু |
| ভুলিয়া আপন ধন ॥ |
| |
| গোপীনাথ, তুমি ত' সকলি জান । |
| আপনার জনে | দণ্ডিয়া এখন |
| শ্রীচরণে দেহ স্থান ॥ |
| |
| গোপীনাথ, এই কি বিচার তব । |
| বিমুখ দেখিয়া | ছাড় নিজ-জনে |
| না কর করুণা-লব ॥ |
| |
| গোপীনাথ, আমি ত' মূরখ অতি । |
| কিসে ভাল হয় | কভু না বুঝিনু |
| তাই হেন মম গতি ॥ |
| |
| গোপীনাথ, তুমি ত' পণ্ডিতবর । |
| মুঢ়ের মঙ্গল | সদা অন্বেষিবে |
| এ সাদে না ভাব পর ॥ |
| |
|
(৩)
|
| গোপীনাথ, আমার উপায় নাই । |
| তুমি কৃপা করি | আমারে লইলে |
| সংসারে উদ্ধার পাই ॥ |
| |
| গোপীনাথ, পড়েছি মায়ার ফেরে । |
| ধন, দারা সুত | ঘিরেছে আমারে |
| কামেতে রেখেছে জেরে ॥ |
| |
| গোপীনাথ, মন যে পাগল মোর । |
| না মানে শাসন | সদা অচেতন |
| বিষয়ে রয়েছে ভোর ॥ |
| |
| গোপীনাথ, হার যে মেনেছি আমি । |
| অনেক যতন | হইল বিফল |
| এখন ভরসা তুমি ॥ |
| |
| গোপীনাথ, কেমনে হইবে গতি । |
| প্রবল ইন্দ্রিয়- | বশীভূত মন |
| না ছাড়ে বিষয়-রতি ॥ |
| |
| গোপীনাথ, হৃদয়ে বসিয়া মোর । |
| মনকে শমিয়া | লহ নিজ-পানে |
| ঘুচিবে বিপদ ঘোর ॥ |
| |
| গোপীনাথ, অনাথ দেখিয়া মোরে । |
| তুমি হৃষিকেশ | হৃষীক দমিয়া |
| তার' হে সংসৃতি ঘোরে ॥ |
| |
| গোপীনাথ, গলায় লেগেছে ফাঁস । |
| কৃপা-অসি ধরি | বন্ধন ছেদিয়া |
| বিনোদে করহ দাস ॥ |
| |